ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শুক্রবার, ১৩ মে ২০২২
সর্বশেষ আপডেট : 9:19 pm
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে সালাউদ্দিন রায়হান (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মতিপুর গ্রামের মো. সোলায়মান মিয়ার ছেলে। শুক্রবার (১৩ মে) বিকেলে নিহতের ছোট ভাই মোসলেহ উদ্দিন রোমন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে স্থানীয় সময় বুধবার (১১ মে) দিনগত রাত ৮টার দিকে জোহানেসবার্গ শহরে এ ঘটনা ঘটে।
নিহতের ভাই মোসলেহ উদ্দিন রোমন জানান, শহর থেকে পণ্য কিনে গাড়ি দোকানের সামনে পার্কিং করে নামছিলেন সালাউদ্দিন রায়হান। এ সময় আগ থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মুহূর্তে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়েন রায়হান।
গুলির শব্দ শুনে দোকান থাকা ছোট ভাই নিজাম উদ্দিন বাবু ও আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তারা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে রায়হানের মরদেহ আফ্রিকার একটি হাসপাতালের হিমাগারে রাখা আছে। তার গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। আগামী কয়েক দিনের মধ্যে তার মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, চার ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন রায়হান। জীবিকার সন্ধানে ১৪ বছর আগে তিনি দক্ষিণ আফ্রিকায় যান। পরে জোহানেসবার্গের বারাত এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। কয়েক বছর আগে ছোট ভাই নিজাম উদ্দিন বাবুকেও সেখানে নিয়ে যান রায়হান।
বর্তমানে রায়হানের তত্ত্বাবধানে জোহানেসবার্গে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে, যার অংশীদার কয়েকজন। রায়হান ও ছোট ভাই বাবু মিলে একটি ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করতেন। সর্বশেষ ছুটিতে এসে একমাস আগে দেশ থেকে আফ্রিকায় ফিরে গিয়েছিলেন রায়হান।
Posted ৯:১৯ পিএম | শুক্রবার, ১৩ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya