জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 10:08 pm
কাতারে চলতি ফুটবল বিশ্বকাপে এখনো জয় না পাওয়া দক্ষিণ কোরিয়াকে নিয়ে আশাবাদী দলটির অন্ধ ভক্ত আবু কাউসার মিন্টু। দ্বিতীয় পর্বে দক্ষিণ কোরিয়া উঠবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। নিজের জমি বিক্রয় করে ও স্ত্রীর জমানো টাকায় চার কিলোমিটার লম্বা দক্ষিণ কোরিয়ার পতাকা বানিয়ে ঝুলিয়েছেন মিন্টু। তার এই কান্ডে রীতিমতো দেশবিদেশের মিডিয়ায় ভাইরাল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সন্তান আবু কাউসার মিন্টু।
আবু কাউসার মিন্টুকে নিয়ে বিবিসি, রয়টার্স, এএফপি, দক্ষিণ কোরিয়ার ও বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় দক্ষিণ কোরিয়ার প্রতি তার ভালবাসার বিষয়টি প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় একান্ত আলাপচারিতায় দক্ষিণ কোরিয়ার অন্ধ ভক্ত আবু কাউসার মিন্টু বলেন, সংবাদ প্রকাশের পর আমি সারাবিশ্বে পরিচিত হয়েছি। দেশবিদেশ থেকে আমাকে ফোন দিয়ে খোঁজ খবর নিয়েছে। দক্ষিণ কোরিয়া দূতাবাস থেকে আমাকে ফোনে কল দিয়েছে। তারা জানিয়েছেন, আমার পতাকা দেখতে আসবেন। তবে কখন আসবেন তা জানাননি।
বিশ্বকাপে দুই ম্যাচে খেলা শেষে এইচ গ্রুপে ৩য় স্থানে থাকা দক্ষিণ কোরিয়া ফুটবল দল নিয়ে এখনো আশাবাদের কথা জানিয়ে মিন্টু বলেন, কোরিয়া প্রথম ম্যাচে উরুগুয়ের সাথে ড্র করেছে। ২য় ম্যাচে ঘানার সাথে ৩-২ গোলে পরাজিত হয়েছে। সামনে মাত্র একটি ম্যাচ বাকী আছে পর্তুগালের সাথে। পয়েন্ট টেবিলে পর্তুগালের ৬, ঘানার ৩, দক্ষিণ কোরিয়ার ১ ও উরুগুয়ের ১ পয়েন্ট রয়েছে। যদি পর্তুগালের সাথে কোরিয়া জয়লাভ করে এবং উরুগুয়ে ঘানার সাথে জয়ী হয় তাহলে দক্ষিণ কোরিয়া ২য় রাউন্ডে উঠবে। কারন দক্ষিণ কোরিয়ার গোল সংখ্যা বেশি, গোল শট বেশি এবং হলুদ কার্ডও কম। সব দিক দিয়ে দক্ষিণ এখন পর্তুগালের সাথে জয়লাভ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আবু কাউসার মিন্টু দক্ষিণ কোরিয়া থেকে প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন ২০১৩ সালে। প্রবাস থেকে ফেরার দীর্ঘ ৯ বছরের দেশটির প্রতি ভালবাসা কমেনি তার। তাই এবার আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে আমের বাগানের জায়গা বিক্রয় করে এবং স্ত্রীর জমানো টাকা দিয়ে নিজ বাড়ি থেকে গ্রামের সড়কের পাশ দিয়ে শ্বশুর বাড়ি পর্যন্ত ৪ কিলোমিটার লম্বা দক্ষিণ কোরিয়ার পতাকা টানিয়েছেন৷ বিষয়টি নিয়ে দেশবিদেশে চাঞ্চল্য তৈরি হয়েছে।
Posted ১০:০৮ পিএম | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
dainiksarod | Pijush Kanti Acharya